সারা বাংলা

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরা শুরু, নিজ চেষ্টায় বাঁচলেন চালক

ফেনী সদর উপজেলার ভাঙার তাকিয়া এলাকায় তেলাপিয়া বোঝাই একটি পিকআপ ভ্যান খালে উল্টে পড়ে। এ সময় চালক ও তার সহকারীকে উদ্ধারের পরিবর্তে পানিতে ছড়িয়ে পড়া মাছ ধরতেই ব্যস্ত হয়ে পড়েন এলাকাবাসী। পরে নিজেদের চেষ্টায় গাড়ি থেকে বের হয়ে প্রাণে রক্ষা গাড়িটির চালক ও সহকারী।

শুক্রবার (১২ জুন) সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ভাঙার তাকিয়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে চট্টগ্রাম ফিশারি ঘাটের উদ্দেশ্যে তেলাপিয়া বোঝাই একটি পিকআপভ্যান রওনা দেয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজসংলগ্ন ভাঙার তাকিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে পিকআপ ভ্যানটি সড়কের পাশের খালে উল্টে পড়ে এবং গাড়িতে থাকা মাছ পানিতে ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন খালে নেমে ছড়িয়ে পড়া মাছ ধরতে শুরু করেন। কেউ বালতি, কেউ বস্তা, আবার কেউ পলিথিনে করে মাছ সংগ্রহ করেন। ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “এটি মাছ লুটের ঘটনা নয়। পিকআপ থেকে মাছ খালের পানিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সেখান থেকে মাছ ধরেছে। না ধরলে স্রোতের পানিতে মাছ ভেসে চলে যেত।”

দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালক মোহাম্মদ আল আমিন বলেন, “সড়কের সমস্যার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাই। আমি ও আমার সহকারী কষ্ট করে গাড়ি থেকে বের হয়ে জীবন বাঁচাই। আমাদের সাহায্য না করে স্থানীয় সবাই তখন মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে।”

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালে উল্টে পড়া পিকআপ ভ্যান উদ্ধার করে হেফাজতে নেয়। পরে মালিকপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গাড়িটি বুঝে নেয়। পিকআপ ভ্যানটিতে আনুমানিক ৮৫ থেকে ৯০ হাজার টাকার তেলাপিয়া মাছ ছিল। স্থানীয়রা খালের পানিতে ছড়িয়ে পড়া মাছ সংগ্রহ করেছেন।”