বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) ভোরে পৌরসভার পানি উন্নয়ন বোর্ড সড়ক থেকে তার মরদেহ উদ্ধার হয়।
স্বজনদের ভাষ্য, রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন মিজানুর, ভোরে তার মরদেহ রাস্তার পাশে দেখতে পান এলাকাবাসী। তিনি কিভাবে সেখানে গিয়ে মারা গেছেন সে সম্পর্কে জানা নেই বলে জানান তারা।
মারা যাওয়া মিজানুর পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সফেজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে নিজ বাসায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মিজানুর। ফজরের আজানের পর এলাকাবাসী রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের ভাই আবুল কালাম জানান, রাতে খাবার খেয়ে তার ভাই ঘুমিয়ে পড়েন। সকালে দেখতে পান দরজা খোলা। কিভাবে মিজানুর সড়কে গেলেন এবং মারা গেছেন এটা জানেন না বলে দাবি করেন তিনি।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যা রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।