সারা বাংলা

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে!

টানটান উত্তেজনা, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই আর তারই মাঝে দলবদলের এক অভিনব নাটকীয়তা! আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল বৈরিতা যে কতখানি আবেগঘন হতে পারে, তারই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল লালমনিরহাটে। আর্জেন্টিনার কট্টর সমর্থক ইসতিয়াকুল হক ইমন দুধ দিয়ে গোসল করে চিরশত্রু শিবিরে অর্থাৎ ব্রাজিলের সমর্থকগোষ্ঠীতে যোগ দিয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকেলে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ মাঠে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে দল বদল করেন তিনি।

ইমনের এই দলবদলকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সেলেসাও (ব্রাজিল) সমর্থকরা। তাদের দাবি, "দেরিতে হলেও ইমনের সুবুদ্ধির উদয় হয়েছে। সে বুঝতে পেরেছে, আসল ফুটবল নান্দনিকতা কোথায়? একজন খাঁটি ফুটবলপ্রেমী কখনো ব্রাজিলের সাম্বা জাদু না ভালোবেসে থাকতে পারে না। আমরা তাকে বুকে টেনে নিয়েছি।”

ইমনের এমন আকস্মিক দলবদল সহজভাবে নেয়নি স্থানীয় আলবিসেলেস্তে (আর্জেন্টিনা) সমর্থকরা। খবর পেয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের সাফ কথা, “আর্জেন্টিনা সমর্থকদের আবেগ আর ভালোবাসা এত সস্তা নয়। যে দুধ দিয়ে গোসল করে চলে গেছে, সে কোনোদিনও আমাদের খাঁটি সমর্থক ছিল না। তার চলে যাওয়ায় আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর কোনো ক্ষতি হবে না।”

শনিবার বিকেলে তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজ মাঠে হট্টগোলপূর্ণ পরিবেশে ইমনের মাথায় দুধ ঢেলে তাকে ‘পবিত্র’ করে নীল-সাদা থেকে হলুদ-সবুজ শিবিরে বরণ করে নেওয়া হয়। এই অভিনব গোসল করানোর আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন তৌফিক, মোহন, নয়ন, মিরাজ, সাদিকসহ স্থানীয় বেশ কয়েকজন কট্টর ব্রাজিল সমর্থক।