দিনাজপুরের নবাবগঞ্জে একটি বাড়িতে চুরি করার প্রস্তুতির অভিযোগে হীরা মিয়া (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। ঘটনার পর গ্রেপ্তার আতঙ্কে ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে।
রবিবার (১৪ জুন) সকালে উপজেলার শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসীপল্লীতে এ ঘটনা ঘটে।
নিহত হীরা মিয়া নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তিনি কৃষিশ্রমিক। পুলিশের দাবি, হীরা মাদকাসক্ত ছিলেন এবং কিছুদিন আগে হাজতবাস করেছেন।
পুলিশ জানায়, আজ রবিবার ভোর চারটার দিকে শ্যামপুর গ্রামের বাসিন্দা অনিল টুডুর বাড়ির একটি ঘরের জানালা ভাঙার শব্দে তার ঘুম ভাঙে। তিনি ঘর থেকে বের হয়ে জানালার পাশে হীরা মিয়াকে দেখতে পান। এ সময় তিনি তাকে ধরে ফেলেন এবং আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। গ্রামের লোকজন ছুটে এসে তাকে আটকে মারধর করেন। এতে হীরা মিয়া গুরুতর অসুস্থ হন এবং সকাল ছয়টার দিকে মারা যান। এরপর থেকে পুলিশের গ্রেপ্তার আতঙ্কে বাড়ির মালিক অনিল টুডুসহ ওই গ্রামের পুরুষ বাসিন্দারা গ্রামছাড়া হয়েছেন।
বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর বাড়ির মালিকসহ গ্রামের পুরুষেরা এলাকা থেকে চলে যাওয়ায় বিস্তারিত জানা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হত্যার ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।