সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবক গ্রেপ্তার 

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালীতলা বাজারে এক কিশোরীকে সংঘবদ্ধ  ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১৪ জুন) ভোর ৪টার দিকে পুলিশ অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কালীতলা বাজার এলাকার আনারুলের ছেলে তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে রনি (২১) এবং রহমান মাজেদুরের ছেলে মাসুদ (২২)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ওই তিন যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর থানা পুলিশের টহল দল রাতে দায়িত্ব পালন করার সময় কালীতলা বাজার সংলগ্ন গোডাউন ঘরের সামনে একটি মোটরসাইকেলের সন্দেহজনক চলাচল দেখতে পায়। মোটরসাইকেলটি দ্রুত ওই গোডাউন থেকে বের হয়ে আবার সেখানে ফিরে যাওয়ায় পুলিশ সদস্যদের মনে সন্দেহ হয়। পুলিশ ওই গোডাউনে অভিযান চালায়। সেখান থেকে অসুস্থ ভিকটিম ওই কিশোরীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিন যুবককে আটক করে।

চিকিৎসাধীন কিশোরী জানান, সপ্তাহখানেক আগে বান্ধবীর মাধ্যমে তামিমের সঙ্গে তার পরিচয় হয়। সেই সুবাদে তামিম তাকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। বিভিন্ন স্থানে ঘুরার পর কৌশলে তাকে কালীতলা বাজারের ওই নির্জন গোডাউন ঘরে নিয়ে যায়। সেখানে তামিম তার অন্য দুই বন্ধু রনি ও মাসুদকে ডেকে এনে তিনজন মিলে তাকে ধর্ষণ করে।