সারা বাংলা

নেত্রকোণায় বজ্রপাতে ২ জনের মৃত্যু 

নেত্রকোণা সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সকালে আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামে বজ্রপাতে কৃষক জামাল মুন্সীর (৪৫) মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের পর ভোর সাড়ে ৬টার দিকে গ্রামের আরো চার কৃষকের সঙ্গে বাড়ির পাশের আইঞ্চার বিল এলাকায় মাছ ধরতে যান জামাল মুন্সী। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলে মারা যান। পরে সঙ্গে থাকা অন্য কৃষকেরা তাঁর লাশ বাড়িতে নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ভোরে বৃষ্টির মধ্যে জামাল মুন্সী বিলে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ারও সুযোগ পাওয়া যায়নি।

অপরদিকে, সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের অটোরিকশার চালক সবুজ মিয়াও বজ্রপাতে মারা যায়। তিনি ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পার্শ্ববর্তী বাজারে টেলিভিশনে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ফুটবল বিশ্বকাপের খেলা দেখে বাড়ি ফেরেন সবুজ মিয়া। পরে গ্রামের সামনে পানিতে ডুবে থাকা জমিতে জাল নিয়ে মাছ ধরতে গেলে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে জমিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।