যশোরের শার্শায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার তিন আসামিকে মামলা রুজুর মাত্র দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) শার্শা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের এক নারী শার্শা থানায় পাঁচজনকে আসামি করে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ জুন দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক নিজ ঘরে নিয়ে যায়।
পরে এক আসামি তাকে ধর্ষণ করে এবং পরবর্তীতে অন্য আসামিরা ভয়ভীতি প্রদর্শন করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।
মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলমসহ একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- হাসিব আল হাসান (১৯), আ রহমান ওরফে ইমন (২৪) এবং মেহেদী হাসান টুটুল (২৫)। তাদেরকে সোমবারই আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অপর দুই পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।