সারা বাংলা

ময়মনসিংহে সাড়ে ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের কারণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি স্টেশন-সংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটে। পরে রাত সাড়ে ৯ টার দিকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি বিকল্প ইঞ্জিন দিয়ে গৌরীপুরে স্টেশনে আনা হলে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশনের কাছে আসতেই হঠাৎ ইঞ্জিনে আগুন লাগে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন দিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশনে আনা হয়। এর পর চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। দুপুর আড়াইটার দিকে ট্রেনে হুক লাগিয়ে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। এতে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।