হবিগঞ্জের বাহুবল উপজেলায় দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মো. সেলু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৫০ জন।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার আদিত্যপুর ও আরিছপুর গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে কবরস্থানে বেড়া নির্মাণকে কেন্দ্র করে আদিত্যপুর গ্রামের মর্তুজা মিয়ার ছেলে আক্তার মিয়া ও নাসির মিয়ার সঙ্গে আরিছপুর গ্রামের মিলন মিয়া, সারু মিয়া ও এখলাছ মিয়ার মধ্যে বিরোধ ও মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে গত শুক্রবারও দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়।
সোমবার সন্ধ্যায় স্থানীয় ডুবাঐ বাজারে দুইপক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে মো. সেলু মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল থানার এসআই সাদ্দাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।