গাজীপুরের শ্রীপুরের একটি ভাড়া বাসা থেকে মাজেদুল ইসলাম (৪০) নামে এক কারখানাকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার বিলাইঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে মাজেদুলের স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। এরপর থেকে মাজেদুল একাই ভাড়া বাসাটিতে বসবাস করছিলেন। সোমবার বিকেলের দিকে বাড়ির আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের সন্দেহ হয়। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে তারা ঘরের ভেতরে মাজেদুলের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (এসআই) লুতফুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।