আগামীকাল (১ জুলাই) থেকে শুরু হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন।
বুধবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
উপ-উপাচার্য বলেন, আগামীকাল (১ জুলাই) থেকে শুরু হওয়া লকডাউনের কারণে সাত কলেজের ভর্তি আবেদন পেছানো হয়েছে, যা ১০ জুলাই থেকে শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে৷
আবেদনের ন্যূনতম যোগ্যতা
২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন ইউনিটের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবে, কেবল তারাই আবেদন করতে পারবে।
ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৭ দশমিক ০, বাণিজ্য ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ ( চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ০ হতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর ও পাস নম্বর
২০২০-২১ শিক্ষাবর্ষে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে পাস নম্বর ৪০ শতাংশ অর্থাৎ ৪৮ নম্বর।
ভর্তি পরীক্ষার ফি ও ফি জমাদান
২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। ফি জমা দেওয়া যাবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার তারিখ ও সময় করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে পরবর্তী সময়ে জানানো হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও নির্দেশনা সাত কলেজের ওয়েবসাইটে শিগগিরই জানিয়ে দেওয়া হবে। সাত কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইট- http://7college.du.ac.bd/admission.php