ক্যাম্পাস

কোষাধ্যক্ষ পেলো গণ বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠার পর সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) প্রথমবারের মতো কোষাধ্যক্ষ (ট্রেজারার) নিয়োগ হয়েছে। এ পদে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

শুক্রবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয় সূত্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়। গত ৩০ জুন থেকে আগামী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক মো. সিরাজুল ইসলামকে গণ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করেছেন। এ নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ দিন কোষাধ্যক্ষ শূন্যতার অবসান হলো।

জানা যায়, চলতি বছরের শুরুতে কোষাধ্যক্ষ নিয়োগের কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ট্রাস্টি বোর্ডের অনুমোদন সাপেক্ষে তিন সদস্যের প্যানেল শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর সেখান থেকে ইউজিসি, পুনরায় শিক্ষা মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। যাচাই-বাছাইয়ের যাবতীয় প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদন দেন।

অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ২০০৮ সাল থেকে গবিতে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। দীর্ঘ দিন ইইই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদার্থ বিজ্ঞান বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা তত্ত্বাবধান করেছেন। তার অধীনে জাবিতে একাধিক শিক্ষার্থী পিএইচডি গবেষণা সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, সিরাজুল ইসলাম দীর্ঘ দিন পরমাণু শক্তি কমিশনের পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।