পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ পবিপ্রবি ইউনিটের (বরিশাল জোন) ১৪ বছর পূর্তি উৎসব হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) পবিপ্রবি ইউনিট সূত্রে এতথ্য জানা যায়। এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী চলে নানা আয়োজন। ক্যাম্পাসের প্রথম ফটকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কেঁক কাটা ও আনন্দ শোভাযাত্রা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয় বাঁধন পবিপ্রবি ইউনিট বর্ষপূর্তি কার্যক্রম।
এসময় উপস্থিত ছিলেন বাঁধনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সন্তোষ কুমার বসু এবং উপস্থিত ছিলেন প্রফেসর গোপাল সাহা, প্রফেসর ড. জাহিদ হাসান, বাঁধন বরিশাল জোনের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম ইমরান, ছাত্র উপদেষ্টাসহ সাবেক ও বর্তমান বাঁধন কর্মীরা।
একসময় বরিশাল বিভাগে বিপুল জনগোষ্ঠীর রক্তের অভাবে আর্তনাদ শোনা যেত। সাধারণ মানুষের মাঝে ছিল না রক্তদানের উৎসাহ। এ ভয়ানক পরিস্থিতি উপলব্ধি করতে পারেন পবিপ্রবির তৎকালীন কতিপয় শিক্ষার্থী। এরপর ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি ‘বাঁধন’ পবিপ্রবি ইউনিট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। শুরু থেকেই রক্তদাতা সেচ্ছাসেবী সংগঠন হিসেবে বরিশাল বিভাগের মানুষের মনে জায়গা করে নিয়েছে।
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে এ সংগঠন।