ক্যাম্পাস

১০ রমজানের মধ্যে ঢাবিতে সশরীরে ক্লাস শেষ করার দাবি

আগামী ১০ রমজানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফলাইন তথা সশরীরে ক্লাস শেষ করার দাবিতে উপাচার্য কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে এ স্মারকলিপি দেন সংগঠনটির ঢাবি শাখার নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দুঃখজনক হলেও সত্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ন্যায্যমূল্যে পুষ্টিকর খাবারের সুব্যবস্থা নেই। রমজানের সময় এ সংকট আরো প্রকট হয়। হলগুলোর ক্যান্টিন এবং মেসের নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের পক্ষে রোজা রাখা অত্যন্ত কষ্টসাধ্য।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ক্যালেন্ডার অনুযায়ি ২৩ রমজান অর্থাৎ আগামী ২৪ মার্চ পর্যন্ত বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা-অ্যাসাইনমেন্টসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। হলের খাবারের দাম ও মান বিবেচনায় রমজানে এতদিন হলে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য কষ্টকর হয়ে যাবে।

রমজান মাসে বিশ্ববিদ্যালয় এলাকায় খাবারের অপ্রাপ্যতার কারণে অমুসলিম শিক্ষার্থীদেরও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি বর্তমান আবহাওয়া বিবেচনায় মূল ক্যাম্পাস থেকে দূরে থাকা শিক্ষার্থীদের জন্য রোজা রেখে ক্লাসে আসাটাও কঠিন হয়ে পড়েছে।

এমতাবস্থায় শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ রমজানের মধ্যে অফলাইনে শিক্ষা কার্যক্রম শেষ করার দাবি জানাচ্ছি। সে ক্ষেত্রে প্রয়োজন সাপেক্ষে বিভাগগুলো অনলাইন ক্লাস পরিচালনা করতে পারে।

স্মারকলিপি গ্রহণ শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, তারা এ দাবির বিষয়টি ভেবে দেখবেন।