ক্যাম্পাস

ডাকসু: স্বতন্ত্র প্রার্থী তাহমিদের ৫ দফা ইশতেহার ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী পাঁচ দফা ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় নতুন ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

তার দেওয়া পাঁচ দফা ইশতেহার হলো- ডায়েট ফর অল অর্থাৎ কেউ না খেয়ে ক্লাসে যাবে না; ডায়ালগ, ডিবেট, ডিসাইড অর্থাৎ জবাবদিহিতার বাইরে থাকবে না কেউ, ডিজিটালাইজ দ্যা লর্ডস অর্থাৎ লাল ফিতার শিকল ভাঙবে শিক্ষার্থীরা, ডিফেন্ড ইওর গ্রাউন্ড অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি মাটি হবে নিরাপদ; ডিবাঙ্ক অ্যান্ড ডিসাইড অর্থাৎ গবেষণাভিত্তিক ঢাবি আর স্বপ্ন নয়।

এ সময় তাহমিদ বলেন, “দলীয় প্যানেলের যারা, তার বিশেষ সুবিধা পাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের প্রতি বৈষম্য করে যাচ্ছে। দলীয় প্যানেলের প্রার্থীদের আচরণবিধি ভঙ্গের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

তিনি বলেন, “ছাত্রদল, শিবির ও উমামার প্যানেল স্লোগান দেওয়াসহ নানা আচরণবিধি ভঙ্গ করেছে। উমামা রাতে একটা হলে অবস্থান করেছে, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এই নির্বাচন নিয়ে শঙ্কিত। আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের নারী প্রার্থীদের অনলাইনে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। চারুকলায় নারী প্রার্থীদের ছবি বিকৃত করা হয়েছে। প্রশাসন নাকি তাদের চিহ্নিত করতে পারেনি।”

তাহমিদ আরো বলেন, “একটি প্যানেল বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করছে। অথচ প্রশাসন টিনের চশমা পরে বসে আছে।”