বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চলমান কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে উত্থাপিত ছয় দফা নিয়ে দ্বিতীয়বারের মতো শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছেন শিক্ষার্থীরা। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন তারা।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক বিভাগের সম্মেলন কক্ষে ওই আলোচনা অনুষ্ঠিত হয়।
জানা যায়, আন্দোলনকারীদের মধ্যে ১৫ জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেন শিক্ষকবৃন্দ। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী ও অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সিয়াম বলেন, “আমরা আজ শিক্ষকদের সঙ্গে বসেছিলাম। ২ ঘণ্টা ধরে আলোচনা করেছি। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি। শিক্ষকরা আমাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন, যেগুলোর বিষয়ে আমাদের কিছু দ্বিমত আছে। আমরা এখনো ছয় দফা দাবিতে অনঢ় এবং আমরা প্রস্তাবনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “আলোচনার সিদ্ধান্ত আমরা এখনই জানাচ্ছি না। আলোচনা যেহেতু চলমান রয়ে গেছে, তাই শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে তাদের দেওয়া প্রস্তাবনাগুলোর বিষয়ে সিদ্ধান্ত দিলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। শিক্ষার্থীরা আমাদের তাদের মতামত জানালেই আমরা উপাচার্যকে বিষয়টি জানিয়ে দেব। এরপর দ্রুততম সময়ের মধ্যে সিন্ডিকেট সভা ডাকার বিষয়ে উপাচার্য সিদ্ধান্ত নেবেন।”