রংপুরে গণজমায়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, “শহিদ আবু সাঈদ ওসমান হাদীর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে গণভোটে ‘হ্যাঁ’ কে বিজয়ী করতে হবে।”
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহিদ আবু সাঈদ চত্বরে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ আয়োজিত গণজমায়েতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “এই গণভোটে হ্যাঁ মানেই ইনসাফ। গত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যে জুলুমতন্ত্র কায়েম করেছিল তার পথ চিরতরে বন্ধ করে দেওয়া।”
তিনি আরো বলেন, “গণভোটের পক্ষে আমাদের গণজোয়ার সৃষ্টি করতে হবে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে দুর্বল নেতৃত্ব এবং দুর্নীতির কারণে উত্তরবঙ্গের সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে 'ইনসাফ'-এর যারা প্রতিনিধি আছেন, আমাদের তাদেরকেই মনোনীত করতে হবে।”
রাকসু ভিপি মোস্তাকুর রহমান বলেন, “যারা জুলাই বিপ্লব নিজের চোখে দেখেনি, যারা বিদেশে পালিয়ে ছিল, যারা আবু সাঈদের বুক চিতিয়ে গুলি বরণ করে নেওয়া দেখেনি। তাদের তো 'হ্যাঁ' -এর পক্ষে অবস্থান না নেওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু যখন তারা 'হ্যাঁ' -এর পক্ষে গণজোয়ার দেখেছে এবং তাদের চোখ খুলেছে, তখন তারা বলতে বাধ্য হয়েছে।”
গণজমায়েতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জকসু) জিএস আব্দুল আলীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চকসু) জিএস সাঈদ বিন হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এজিএস সালমান সাব্বিরসহ রংপুরের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দেন।