ক্যাম্পাস

সাবেক সমন্বয়ককে হত্যার হুমকি বেরোবি ছাত্রদল নেতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক আশিকুর রহমানকে রাজনৈতিক ব্যানার খুলে ফেলায় হত্যার হুমকি দিয়েছে শাখা  ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা।

‎সোমবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে আশিককে হত্যার হুমকি দেওয়ায় রাতেই প্রতিবাদ কর্মসুচি পালন করেছে সমন্বয়ক ও শিক্ষার্থীদের একাংশ।

‎কর্মসূচিতে রহমত আলী বলেন, “আমার ভাইকে যে হত্যার হুমকি দেয়া হয়েছে হাদির মতো করে হত্যা করবে। অনতিবিলম্বে এদের শাস্তির আওতায় না আনলে বেরোবি শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না।”

সমন্বয়ক আশিকুর রহমান বলেন, “যখন আমি প্রধান ফটকের দিকে যাই। আমাকে ছাত্রদলের সহ-সভাপতি বলেছে হাদির মতো অবস্থা হবে। ক্যাম্পাস থেকে জান নিয়ে বের হতে পারবেন না। প্রশাসনকে ব্যানার বিষয়ে জানানো হলে তারা  ১ তারিখ পর্যন্ত সময় নেয়। কিন্তু, সময় পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেননি। আমাদের বার্তা একটাই জুলাই ২৪ পরবর্তী এ ধরনের হুমকি কাম্য নয়। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”‎

‎হত্যার হুমকির অভিযোগের বিষয়ে ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা বলেন, “এগুলো কিছুই না। আমি সেখানে পরে গিয়েছি। আমি কোন হত্যার হুমকি দেইনি। সে মিথ্যাচার করছে। আমি যেয়ে বলছি ব্যানার খোলাটা ঠিক হয়নি। আমাদের বললে আমরাই খুলে নিতাম।”