ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ছাত্রদল নেতার গণধর্ষণের ঘটনায় এবং দেশব্যাপী বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে ঢাবি শাখা ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে মহিউদ্দিন খান বলেন, “আমাদের কথা খুব স্পষ্ট। আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা জুলাইয়ে রাস্তায় নেমেছি এবং এখনো রাজপথে আছি।
তিনি অভিযোগ করে বলেন, “গত দেড় বছরে বিএনপির বিভিন্ন অপরাধ তুলে ধরতে সাড়ে ৪০০ বেশি পৃষ্ঠা প্রয়োজন হয়েছে। বিএনপি ও ছাত্রদল দলবদ্ধভাবে নারী নিপীড়নের প্রতিযোগিতায় নেমেছে।”
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিডিয়া ব্ল্যাকআউটের মাধ্যমে আপনারা অপকর্ম ঢাকতে চাইলেও এখন প্রতিটি মানুষই একটি মিডিয়া। নিজেদের সংশোধন না করলে দ্রুত লন্ডন যাওয়ার প্রস্তুতি নিন।”
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মহিউদ্দিন খান বলেন, “যাদের হাতে আমাদের মা-বোনদের নিরাপত্তা নেই, তাদের প্রতিহত করুন। আমরা বিশ্বাস করি, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণ তাদের লাল কার্ড দেখাবে।”
সমাবেশে ঢাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আশিকুর রহমান বলেন, “আমাদের মা-বোনদের সম্মান রক্ষার জন্য জীবন দিতেও আমরা পিছপা হবো না।”
তিনি দাবি করেন, ছাত্র সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন শিবির পেয়েছে।
এ সময় শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান বলেন, “টিআইবির প্রতিবেদনে দেখা গেছে, গত দেড় বছরে সংঘটিত ৯১ শতাংশ অপরাধের সঙ্গে বিএনপি জড়িত।”
তিনি অভিযোগ করেন, এসব অপকর্ম আড়াল করতে মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, তবে জনগণের চোখ এড়ানো সম্ভব নয়।
এর আগে সন্ধ্যা ৭টায় ঢাবির ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।