ক্যাম্পাস

আন্তর্জাতিক সম্মেলনে ১৫ দেশের মধ্যে প্রথম ইবির গবেষক দল

আন্তর্জাতিক সম্মেলনে ১৫ টি দেশের মধ্যে  প্রথম স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) একটি গবেষক দল।

গত ২৯ থেকে ৩১ জানুয়ারি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এ সাফল্য অর্জন করে দলটি।

সম্মেলনে মোট ৯৯৩টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। পরে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৩৩৫টি প্রবন্ধ নির্বাচিত হয়। পরবর্তীতে ২৮৬টি উপস্থাপন করা হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষক ও গবেষক ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়াসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন। যার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থীদের প্রবন্ধটি প্রথম স্থান অর্জন করে।

গবেষণা দলের সদস্যরা হলেন, ইবির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সৌরভ চক্রবর্তী, মাহফুজুর রহমান ও আহসান হাবিব।

প্রফেসর ড. আলমগীর হোসেনের তত্ত্বাবধান ও প্রফেসর ড. শিপন মিয়া ও এএফএম শাহাব উদ্দিনের দিকনির্দেশনায় তারা এ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

তাদের গবেষণার বিষয় ছিল ব্যাখ্যাযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত মাল্টিমোডাল ডিপ লার্নিং পদ্ধতির মাধ্যমে ব্রেইন স্ট্রোক শনাক্তকরণ ও শ্রেণিবিন্যাসকে আরো নির্ভুল ও বিশ্বাসযোগ্য করা। গবেষণাটি স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

গবেষণা দলের সদস্যরা জানান, গবেষণার দিকে ভবিষ্যৎ গড়তে চাইলে নিজের পছন্দকে প্রাধন্য দিয়ে সে বিষয়ে সর্বাধিক জ্ঞান অর্জন করতে হবে এবং বুদ্ধিমওা দিয়ে নতুনত্ব দেওয়া চেষ্টা করতে হবে। আমরা মনে করি, বিভাগ যেকোনে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা যেমন আমাদের করেছে সবাইকে করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় গবেষণা বিষয়ে কর্মশালা আয়োজনের ব্যপারে উদ্যোগ নিলে ইবিয়ানরা এগিয়ে যাবে এবং সমৃদ্ধ হবে।