রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বৃহঃস্পতিবারের (৬ ফেব্রুয়ারি) মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছেন তারা।
বুধবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এ ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ কর্মচারী ইউনিয়ন সরকারকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। এ সময়ের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে ৬ ফেব্রুয়ারি দেশের সকল কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে যাত্রা করবে। নবম পে স্কেল আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফেরার প্রশ্ন নেই বলেও জানান তারা।
কর্মচারী শরিফুল ইসলাম বাবু বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়ে একাধিক দফা বৈঠক করেছে এবং কমিশনও গঠন করেছে। কিন্তু বর্তমানে জানানো হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ পে স্কেল বাস্তবায়ন সম্ভব নয় এবং এটি পরবর্তী সরকারের ওপর ছেড়ে দেওয়া হবে, যা কর্মচারীদের হতাশ করেছে।”
বেরোবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মনু মিয়া বলেন, “এই সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন, নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করুন। বৈষম্যমুক্ত পে স্কেল নিশ্চিত করুন, যাতে আমরা আমাদের পরিবার নিয়ে সম্মানজনক ও সুন্দর জীবন যাপন করতে পারি।”