রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাবেক সমন্বয়ক আশিকুর রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার শোক ব্যানার খুলে ফেলায় বিক্ষোভ করেছে শাখা ছাত্রদল। হত্যার হুমকি দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ অপপ্রচার বলে দাবি করছেন তারা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিক্ষোভ মিছিল শেষে এ কথা জানান তারা।
মিছিল শেষে শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, “সাবেক ছাত্রলীগ নেতারা নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা দেখেছি একই জায়গায় ইনকিলাব মঞ্চের ব্যানারও ছিল, সেটি তারা খুলেনি। শুধু আমাদের ব্যানারই খুলে ফেলা হয়েছে।”
তিনি আরো বলেন, “কোনো ব্যানার সরানোর প্রয়োজন হলে তা প্রশাসনের দায়িত্ব। তারা কেন নিজেদের মতো করে খুলবে? এ কারণেই আমরা প্রতিবাদ করেছি। কিন্তু সেটিকেই তারা হত্যার হুমকি হিসেবে প্রচার করছে।”
হত্যার হুমকির অভিযোগ প্রসঙ্গে ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা বলেন, “আমি কোনো ধরনের হুমকি দেইনি। আমি শুধু বলেছিলাম, যদি ব্যানার খুলতে হয় তাহলে সব ব্যানার খুলুন। শুধু আমাদের ব্যানার কেন খুলছেন, সেটাই বলেছি। এটাকে বিকৃত করে হত্যার হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা।”
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বেগম খালেদা জিয়ার শোক ব্যানার খুলে ফেলেন বেরোবির সাবেক সমন্বয়ক আশিকুর রহমান। এ সময় আশিককে হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।