ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, নিরাপদ যাতায়াতের সুযোগ সৃষ্টি এবং নির্বাচনে অংশগ্রহণে সহায়তার লক্ষ্যে দেশের সব বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে ছাত্রশক্তি কুবি শাখা।
এ বিষয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি দিয়েছে কুবি শাখা ছাত্রশক্তি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী। তবে বর্তমান সময়ে যাতায়াত ব্যয় অতিরিক্ত হওয়ায় অনেক শিক্ষার্থীর পক্ষে নিজ নিজ বিভাগীয় শহরে গিয়ে ভোট দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে শিক্ষার্থীদের একটি বড় অংশ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক। এ অবস্থায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং নাগরিক দায়িত্ব পালনে সহায়তার স্বার্থে নির্বাচন চলাকালীন ও তার পূর্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসসমূহ বিভাগীয় শহরগুলোতে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির কুবি শাখার কর্মী কাজী মিরাজ বলেন, “আমরা জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে মাননীয় উপাচার্য স্যারের কাছে গিয়েছিলাম, যেন জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এ লক্ষ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছি। আশা করছি, শিক্ষার্থীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে উপাচার্য স্যার আমাদের দাবিটি গুরুত্ব সহকারে দেখবেন।”
একই বিষয়ে ছাত্রশক্তির কুবি শাখার আরেক কর্মী নাঈম ভুঁইয়া বলেন, “শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং নিরাপদে বাড়ি ফেরার সুযোগ সৃষ্টি করতে আমরা বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আশা করি, ভিসি স্যার শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর উদ্যোগ নেবেন।”