জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে ধূপখোলা মাঠে ইসলামিক স্টাডিজ বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে খেলা শেষ হওয়ার পরপরই পরিস্থিতি অপ্রীতিকর হয়ে ওঠে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় অনুষ্ঠিত ফাইনালে ইসলামিক স্টাডিজ বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩-০ গোলে জয় পায় ইসলামিক স্টাডিজ বিভাগ।
তবে, ফল ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা শিক্ষকরা এবং ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকরা হামলার শিকার হন।
আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম, ড. তারেক বিন আতিক, ড. মুহাম্মদ সালেহ উদ্দিন ও ড. ইব্রাহীম খলিল। পাশাপাশি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাধিক শিক্ষকও আহত হয়েছেন বলে জানা গেছে।
পেশাগত দায়িত্ব পালনকালে আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন দ্য ডেইলি স্টারের জবি প্রতিনিধি রাকিবুল হাসান রাকিব, দৈনিক আমার দেশ ও রাইজিংবিডি ডটকমের প্রতিনিধি লিমন ইসলাম, দেশ রূপান্তরের ফাতেমা আক্তার, দিনকালের এস এম সিয়াম, নওরোজের নাঈমুর রহমান এবং বায়ান্ন নিউজের মিনহাজুল ইসলাম মিন্টু। আহতদের বেশ কয়েকজন বর্তমানে রাজধানীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন।
সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “খেলা নিয়ে এমন সহিংসতা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করার চেষ্টা করছি।”