বিশ্ববিদ্যালয়ে সবধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্র শিবিরের সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় ছাত্র শিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বেরোবি শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু'তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
নতুন সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী সুমন সরকার নির্বাচিত হয়েছেন। একই সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রাকিবকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।
শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়ায় সুমন সরকারকে সভাপতি ঘোষণা করেন নূরুল ইসলাম এবং তাকে শপথবাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি সুমন সরকার শাখা সেক্রেটারি হিসেবে আব্দুর রাকিবকে মনোনীত করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সবধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।