ক্যাম্পাস

ডিসি মাসুদের অপসারণ দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের হেনস্তার ঘটনায় শাহবাগ থানার ডিসি মাসুদ ও তার টিমের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে অবস্থানরত বিক্ষুব্ধ ছাত্র-জনতার সাথে সংহতি প্রকাশ করতে সেখানে যোগ দেন।

মানববন্ধনে বক্তারা পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে অভিহিত করেন।

সংগঠনের ঢাবি শাখার সদস্য অর্ক বড়ুয়া বলেন, “যে দেশে নাগরিকদের স্বাধীন চলাচলের জায়গা সংকুচিত হয়, সেখানে অপরাধ প্রবণতা বাড়ে। গত রাতে নাঈম উদ্দিন ভাইয়ের ওপর পুলিশি আক্রমণ নাগরিকদের ব্যক্তি সম্মানের ওপর আঘাত। আমরা অবিলম্বে ডিসি মাসুদের অপসারণ ও বিচার চাই।”

আরেক বক্তা রেদিয়া আফরোজ রাকা অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী শিক্ষা নিয়ে পরিকল্পনা না করে বরং ‘মোরাল পুলিশিং’-এর পথ প্রশস্ত করে দিচ্ছেন।

তিনি বলেন, “৫ আগস্টের পর পুলিশের আচরণে কোনো গুণগত পরিবর্তন আসেনি। মন্ত্রীর বক্তব্য পুলিশকে আরো বেপরোয়া করে তুলছে।”

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক পুলিশ সংস্কার কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

আরমানুল বলেন, “৫ আগস্টের পর পুলিশ সংস্কারের জন্য কমিশন গঠিত হয়েছিল। কিন্তু, আমরা দেখলাম কেবল পোশাক পরিবর্তনের কাজটিই করা হয়েছে। জনগণের প্রতি পুলিশের সেই পুরোনো অন্যায় আচরণ এখনো অব্যাহত। আমরা এই ঘুণে ধরা পুলিশি ব্যবস্থার আমূল সংস্কার চাই।”

ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সজীব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব সাকিবুর রনি, সদস্য ফোরকান আফ্রাদ, উসাইন মারমা, সিদরাতুল মুনতাহা ও আবীর হোসেনসহ অনেকে। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সভাপতি আল আমিন রহমান এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি সাজিদ রহমান।

মানববন্ধন শেষে নেতৃকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশি হয়রানি বন্ধ না হলে এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্র সমাজ রাজপথে আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে।