রমজান মাসে আবাসিক শিক্ষার্থীদের জন্য ভর্তুকির মাধ্যমে স্বল্পমূল্যে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম, সহ-সভাপতি, প্রচার সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময়। তবে প্রতিবছর এ সময়ে আবাসিক হলগুলোর ডাইনিং ও ক্যাফেটেরিয়ার খাবারের মান ও মূল্য নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেক ক্ষেত্রে নিম্নমানের খাবারের কারণে রোজাদার শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতেও পড়েন।
এ প্রেক্ষিতে রমজান মাসে ডাইনিংয়ের খাবারের মানোন্নয়ন করে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য বিবেচনায় সেহরি ও ইফতারের খাবারের মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া রমজান উপলক্ষে ডাইনিংয়ে বিশেষ ভর্তুকি প্রদান, সেহরির খাবার নির্ধারিত সময়ের আগেই প্রস্তুত রাখা, সুশৃঙ্খল পরিবেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার দাবি তোলা হয়। একই সঙ্গে হলের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের বিষয়টিও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, “শিক্ষার্থীদের স্বল্প বাজেটে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে আমরা উপাচার্য মহোদয়ের কাছে আবেদন জানিয়েছি। তিনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।”