ক্যাম্পাস

ঈদ উপলক্ষে ১৯ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব ক্লাস ও পরীক্ষা আগামী ১০ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। ২৭ ও ২৮ মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটি দাঁড়াচ্ছে টানা ১৯ দিন।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট এবং একাডেমিক কার্যক্রমের আওতাধীন নিয়মিত, উইকেন্ড ও ইভেনিং প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১২ মার্চ থেকে ছুটি শুরুর কথা ছিল। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও কয়েকজন সাধারণ শিক্ষার্থীর আবেদনের পর প্রশাসনিক সভায় ১০ মার্চ থেকে ছুটি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।”