চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহস্রাধিক শিক্ষার্থীকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (চাকসু)। তুর্কি ধর্ম মন্ত্রণালয়ের অধীন দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়ন হয়।
১১মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই ইফতার আয়োজিত হয়।
এতে রোজার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আব্দুল কাদের।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চাকসু ভিপি ইব্রাহীম হোসেন (রনি), গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমানসহ হল সংসদের নেতাকর্মীরা।
চাকসু ভিপি ইব্রাহীম হোসেন (রনি) বলেন, “চাকসুর উদ্যোগে আমরা ২৩০০ শিক্ষার্থীর জন্য আজকের ইফতার আয়োজন করেছি। ছাত্রী বোনদের জন্য বিজয় ২৪ হলের সামনে এবং ছাত্র ভাইদের নিয়ে কেন্দ্রীয় মসজিদে আমাদের এ আয়োজন ছিল। আমরা রোজার শুরু থেকেই কোনো সংগঠনের সহযোগিতায় ইফতারের আয়োজন করার চেষ্টা করছিলাম। আজকে দিয়ানাতের সহযোগিতায় শিক্ষার্থী ভাইবোনদের নিয়ে ইফতার করতে পেরেছি। আমরা যদি শুরুর দিকেই উনাদের সহযোগিতা পেতাম তাহলে আরো আগে এ আয়োজন করতে পারতাম।”
দিয়ানাত ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আফজালুর রহমান বলেন, “দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা চাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছি। দিয়ানাত ফাউন্ডেশন হচ্ছে তুর্কীর ধর্ম মন্ত্রণালয়ের অধীন একটি ফাউন্ডেশন। আমরা বাংলাদেশসহ ১৪৯টি দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি।”