ক্যাম্পাস

ঈদের নামাজ ঘিরে বেরোবিতে গাছ কাটায় প্রতিবাদ

ঈদের নামাজের কাতার তৈরির জন্য গাছ কাটার অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ে ৪টি মাঠ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় মসজিদের সামনে গাছ কাটার ঘটনাকে ঘিরে শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে বেশ কয়েকটি গাছ কাটা হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনগুলো প্রতিবাদ জানায়। পরে সমালোচনার মুখে গাছ কাটা কার্যক্রম বন্ধ করা হয়।

এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েস বেরোবি শাখা সাধারণ সম্পাদক সাকিব সরকার বলেন, “এ কাজের আমরা প্রতিবাদ জানাই। কেন এটা করা হলো তার আমরা জবাব চাই। আর ঈদের নামাজের যদি আয়োজন করার ইচ্ছেই থাকতো তা যেকোনো মাঠে আয়োজন করা যেতো। বিশ্ববিদ্যালয় ছুটির পর এত সংখ্যক শিক্ষার্থী থাকে না যে তার জন্য গাছ কেটে নামাজের জায়গা করতে হবে।”

নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আকিফ বলেন, “আমাদের দপ্তর নিলাম করেনা। কোন গাছ কাটা হবে লাইনের ভিতরে পড়লো না বাহিরে পড়লো মসজিদ সংশ্লিষ্ট যারা নিলাম করছে এস্টেট শাখা ।” এ বিষয়ে তাদের সাথে কথা বলতে বলেন তিনি।

এস্টেট শাখার উপ রেজিস্ট্রার জহুরুল ইসলাম বলেন, “লাইন সোজা করতে যেয়ে তখনই দেখা যাচ্ছে মোটামুটি গাছগুলি কাটা পড়ছে। ঈদের নামাজের মাঠ করার জন্য এগুলো কাটা হচ্ছে।”

এতোগুলো মাঠ থাকতে গাছগুলো কেন কাটা হচ্ছে এ বিষয়ে তিনি প্রশাসনের দিকে ইঙ্গিত করেন। তিনি জানান, এ বিষয়ে কিছু জানেন না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ফেরদৌস রহমান বলেন, “নামাজের কাতার করার জন্য যে গাছগুলো পড়বে সে গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, যে এটা কাটছে সে এটা সিরিয়াল অনুসরণ করেনি। তাকে শোকজ অর্ডার দিয়েছি। আর নামাজ সব বিশ্ববিদ্যালয় মসজিদের সামনেই পড়ে। দেখতে সুন্দরও দেখা যায়।”