জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ঘরে ফেরার যাত্রাকে নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে বিশেষ বাস সার্ভিসের উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় নিয়ে ক্যাম্পাস থেকেই সরাসরি বরিশাল বিভাগীয় শহরের উদ্দেশে এই বাস সার্ভিস চালু করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বরিশালের উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়। ক্যাম্পাস থেকেই সরাসরি নিজ নিজ গন্তব্যে যাত্রার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও স্বস্তি দেখা গেছে।
শিক্ষার্থীরা জানান, এর আগে বরিশাল বা দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যেতে হলে প্রথমে ঢাকায় গিয়ে বাস অথবা লঞ্চ ধরতে হতো। এতে যানজট, অতিরিক্ত অর্থ ব্যয়, সময় নষ্ট হওয়া এবং টিকিট প্রাপ্তির অনিশ্চয়তাসহ নানা ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে ছুটির সময় এই দুর্ভোগ চরম আকার ধারণ করত। জাকসুর এই সময়োপযোগী উদ্যোগের ফলে সেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটল।
সরাসরি বাসে যাত্রা করা কয়েকজন শিক্ষার্থী স্বস্তি প্রকাশ করে বলেন, “ক্যাম্পাস থেকে বাসে উঠে সরাসরি বাড়ির পথে রওনা হতে পারাটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এতে আমাদের সময় ও খরচ—দুটিই বাঁচছে, আর যাত্রাও হয়েছে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও ঝামেলামুক্ত।”
এ বিষয়ে জাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক তানভীর রহমান বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত সুবিধা নিশ্চিত করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ছুটির যাত্রায় শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরগুলোতে সরাসরি বাস সার্ভিস চালু করা আমার নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল।” ভবিষ্যতেও শিক্ষার্থীদের আবাসন, যাতায়াতসহ যেকোনো সংকটে জাকসু কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস দেন।