সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ ও হুমকিমূলক মন্তব্য করার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মনিষা সরকার। আর অভিযুক্ত শিক্ষার্থী হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী গোলাম রাব্বানী। তিনি ‘Tuco The Ugly’ নামে একটি ফেসবুক পেজের কনটেন্ট নির্মাতা হিসেবেও পরিচিত।
অফিস আদেশে বলা হয়, ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী গোলাম রাব্বানী তার প্রতি সহিংসতার হুমকি, অশালীন ভাষা ব্যবহার এবং হুমকিমূলক আচরণ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮ অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানাকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খান, সামসুন্নাহার খন্দকার এবং ড. শাহাদাত হোসেন। এছাড়া, ডেপুটি রেজিস্ট্রার মো. সোহেল রানা সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া, অভিযুক্ত শিক্ষার্থী গোলাম রাব্বানীকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮ এর ধারা ৪(১)(খ) অনুযায়ী সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।