বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের কেন্দ্রীয় মসজিদের সামনে গাছ কাটাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সৃষ্ট আলোচনা ও উদ্বেগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৪ মার্চ ২০২৬) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে ক্যাম্পাসে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, যার আওতায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অংশগ্রহণে ৯০টি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী কোনো ঈদগাহ ময়দান না থাকায় প্রতি বছর বিপুলসংখ্যক মুসল্লির ঈদের জামাত সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটি মসজিদের সামনে একটি স্থান উপযোগী করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে সেখানে থাকা কিছু গাছ সরকারি বিধি মেনে মূল্যায়ন ও নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয় এবং সর্বোচ্চ দরদাতার কাছে তা বিক্রি করা হয়।
প্রাথমিক তথ্যে বিক্রয় প্রক্রিয়ায় কোনো প্রশাসনিক বা আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয়। তবে সংশ্লিষ্ট ক্রেতা ওয়ার্ক অর্ডার পাওয়ার আগেই কর্তৃপক্ষকে অবহিত না করে গাছ কাটার কাজ শুরু করেন, যা নিয়মবহির্ভূত। বিষয়টি জানার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং ঘটনার সঙ্গে জড়িত এক বিশ্ববিদ্যালয় কর্মচারীকে শোকজ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পুরো বিষয়টি তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ করে আগামী ১ এপ্রিল ২০২৬ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ক্রেতা কর্তৃপক্ষকে অবহিত না করে ওয়ার্ক অর্ডার পাওয়ার আগেই গাছ কাটার কাজ শুরু করায় তাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হবে না এবং পুরো নিলাম প্রক্রিয়া বাতিল করা হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উদ্বেগ ও আবেগকে সম্মানের সঙ্গে বিবেচনা করার কথা উল্লেখ করে। পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ ও সবুজায়ন রক্ষায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে ৯০টি গাছ রোপণের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়া, ভবিষ্যতে কোনো উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আরো সমন্বয় ও সংলাপের মাধ্যমে এগিয়ে যাওয়ার কথাও জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করছে, এ বিষয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর হবে এবং সবার সম্মিলিত সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, সবুজ ও দায়িত্বশীল ক্যাম্পাস পরিবেশ বজায় থাকবে।