খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে PATH Bangladesh একটি বিশেষ উপহার বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খুলনার শ্রম অধিদপ্তর প্রাঙ্গণে।
মঙ্গলবার (১৭ মার্চ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নওফেল ইসলাম মঞ্জু।
এছাড়া, উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, ইউটেক খুলনার সভাপতি নূরুল ইমাম খান মিঠু এবং এমবিএস, পিএইচডি (বিএসএমএমইউ) অধ্যয়নরত ডা. রিকাত জাহান শ্রী।
বিকেল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।
ইয়াহইয়া বলেন, “সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে সম্মিলিতভাবে সমাজ ও দেশ পরিবর্তন করা সম্ভব। নতুন বাংলাদেশ গঠনের সুযোগ কাজে লাগাতে হলে সুশাসন, ন্যায্যতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে।”
প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নওফেল ইসলাম মঞ্জু বলেন, “ভবিষ্যতে আমি PATH Bangladesh-এর পাশে থেকে সহযোগিতা ও আয়োজনের মাধ্যমে যুক্ত থাকবো। এমন উদ্যোগ সমাজে সৃষ্টিশীলতা ও তরুণদের অনুপ্রেরণা যোগাবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি এমন শহর গড়ে তোলা সম্ভব যেখানে কেউ অসহায় থাকবে না।”
PATH Bangladesh-এর সভাপতি খন্দকার শামীম বলেন, “আমাদের সংস্থা কেবল সহায়তামূলক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়। আমরা রুল অব ল, শিক্ষা, ক্লাইমেট অ্যাকশন এবং দারিদ্র্য বিমোচনে আত্মনির্ভরশীল কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করি। এবার আমরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নতুন কার্যক্রম শুরু করেছি। প্রশাসন ও সরকারের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”
উপহার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে PATH Bangladesh শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে এবং সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতা ও সহমর্মিতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করেছে।