ক্যাম্পাস

১২৬৫ কোটি টাকার প্রকল্পে ইউজিসির সহায়তা চান নোবিপ্রবি উপাচার্য

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল। সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে ১ হাজার ২৬৫ কোটি টাকার একটি বড় প্রকল্প দ্রুত অনুমোদনের জন্য ইউজিসি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন।

রবিবার (২৯ মার্চ ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি নোবিপ্রবির শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বর্তমান অবস্থান তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে ইউজিসির সক্রিয় সহায়তার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। পাশাপাশি ইউজিসি চেয়ারম্যানকে নোবিপ্রবি পরিদর্শনের আমন্ত্রণ জানান।

এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইউজিসি কাজ করে যাচ্ছে এবং নোবিপ্রবির অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

প্রস্তাবিত প্রকল্পে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ছেলেদের জন্য দুটি ও মেয়েদের জন্য দুটি আবাসিক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’, চারটি একাডেমিক ভবন, কর্মচারীদের জন্য একটি ডরমেটরি, শিক্ষক-কর্মকর্তাদের জন্য একটি ডরমেটরি, বিশ্ববিদ্যালয় টিএসসি, জিমনেসিয়ামসহ ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত করা হবে।