জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি আঞ্চলিক উপদেষ্টা গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক অভিনন্দন বার্তায় জানানো হয়, আগামী দুই বছরের জন্য সাখাওয়াত ‘ডব্লিউএইচও রিজিওনাল এক্সপার্ট গ্রুপ অন এনভায়রনমেন্টাল ডিটারমিন্যান্টস অব হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’-এর অনারারি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “ড. সাখাওয়াত হোসেনের এই অর্জনে বিশ্ববিদ্যালয় প্রশাসন গর্বিত।” বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য খাতে তার দীর্ঘদিনের গবেষণা ও অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই এই নিয়োগকে দেখছেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, “এই দায়িত্ব ড. সাখাওয়াতকে শিক্ষা ও গবেষণায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত নীতি-নির্ধারণী পর্যায়েও তিনি কার্যকর ভূমিকা রাখবেন।”
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, “এটি আমাদের গবেষণার জন্য বড় একটি স্বীকৃতি। এর মাধ্যমে বৈশ্বিক পরিসরে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।”
তিনি আরো বলেন, “এই প্ল্যাটফর্মে বাংলাদেশের বাস্তবতা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণসহ পরিবেশগত নানা সমস্যা উপস্থাপনের সুযোগ থাকবে। একই সঙ্গে এসব সংকট মোকাবিলায় কার্যকর নীতি-নির্ধারণী আলোচনায় অবদান রাখা সম্ভব হবে।”