ক্যাম্পাস

প্রকৌশল দপ্তরের উদাসীনতা, যবিপ্রবিতে লিফট সমস্যায় বিপাকে শিক্ষার্থী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নয়তলা বিশিষ্ট কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের লিফট দীর্ঘদিন ধরে বিকল থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। প্রকৌশল দপ্তরের উদাসীনতার কারণে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে।

মঙ্গলবার (৩১ মার্চ) সরেজমিনে দেখা যায়, প্রায় দুই হাজার শিক্ষার্থীর জন্য নির্ধারিত দুটি লিফটের মধ্যে একটি গত মাসের শুরু থেকেই পুরোপুরি বন্ধ। ফলে সচল থাকা একমাত্র লিফটে অতিরিক্ত শিক্ষার্থী গাদাগাদি করে চলাচল করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

ভবনের নিচতলায় লিফটে ওঠার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই জায়গা না পেয়ে বাধ্য হয়ে হেঁটে নয়তলা পর্যন্ত উঠছেন, যা তাদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণে বিঘ্ন ঘটাচ্ছে। এছাড়া, পুরোনো ও ফাটলযুক্ত লিফট মাঝেমধ্যে মাঝপথে আটকে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কও তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, একাধিকবার কর্তৃপক্ষকে জানানো এবং বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।

পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল-আমিন বলেন, “লিফট নষ্ট থাকায় প্রতিদিন ক্লাসে পৌঁছাতে দেরি হচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক সময় লিফটে উঠতে পারি না। তখন সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি, ফলে ক্লাসে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। বারবার জানানোর পরও কর্তৃপক্ষের এই উদাসীনতা আমাদের শিক্ষাজীবনের প্রতি অবহেলা ছাড়া কিছু নয়।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী সাফায়েত মোহাম্মদ বলেন, “লিফটের যন্ত্রাংশজনিত সমস্যার কারণে বারবার এ ধরনের ত্রুটি দেখা দিচ্ছে। দ্রুত মেরামতের চেষ্টা চলছে এবং আগামীকালকের মধ্যে লিফট সচল করার চেষ্টা করা হবে।” তবে, সমস্যার মূল কারণ ও স্থায়ী সমাধান বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।