ক্যাম্পাস

গুচ্ছ পদ্ধতির ফলে বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে: বেরোবি উপাচার্য

দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. মো. শওকাত আলী কেন্দ্রগুলো পরিদর্শন শেষে বলেন, “গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তিও কমেছে।”

শুক্রবার (৩ এপ্রিল) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের ৮টি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

উপাচার্য আরো বলেন, “রংপুরে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।” এজন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র মোটামুটি সহজ ছিল। তাদের মতে, বাংলা ও সাধারণ জ্ঞান অংশ সহজ হলেও ইংরেজি কিছুটা কঠিন ছিল।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩,০৮৬ জন, কারমাইকেল কলেজে ৩,৭৭০ জন, রংপুর সরকারি কলেজে ১,২৮২ জন, বেগম রোকেয়া কলেজে ১,২৯৮ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৪,০৫৪ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ১,৪৫১ জন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ৩,৬৫৬ জন এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে ৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। আটটি কেন্দ্রে মোট উপস্থিতির হার ছিল ৮৬.৫২ শতাংশ।