নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শুরু হতে যাচ্ছে পাঁচদিনব্যাপী বর্ণিল বইমেলা। সাহিত্যপ্রেমী সংগঠন ও সহযোগী ক্লাবগুলোর যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত। এবারের বইমেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি ডটকমসহ ৮ প্রতিষ্ঠান।
মেলার আয়োজক হিসেবে রয়েছে নোবিপ্রবি শব্দকুটির, বাংলাদেশ তরুণ লেখক ফোরাম (নোবিপ্রবি শাখা), নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপ এবং রোটার্যাক্ট ক্লাব অব নোবিপ্রবি।
গত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার মেলাটি আরো বড় পরিসরে আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলা নববর্ষকে সামনে রেখে বৈশাখ মাসে আয়োজন হওয়ায় মেলার নাম রাখা হয়েছে ‘বই-শাখী মেলা’। পাঁচদিনব্যাপী এই আয়োজনে বইয়ের পাশাপাশি নববর্ষের নানা অনুষঙ্গ ও সাংস্কৃতিক পরিবেশ দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
বইমেলাটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এ বছর দেশের স্বনামধন্য কয়েকটি গণমাধ্যম ও সংগঠন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে রাইজিংবিডি ডটকম, নোবিপ্রবি সাংবাদিক সমিতি, নোবিপ্রবি প্রেসক্লাব, ঢাকা পোস্ট, আমার দেশ, কালের কণ্ঠ, খবরের কাগজ, প্রতিদিনের বাংলাদেশ এবং ডেইলি ক্যাম্পাস।
আয়োজকদের আশা, বইপ্রেমী শিক্ষার্থী ও দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ‘বই-শাখী মেলা’ নোবিপ্রবি ক্যাম্পাসে এক উচ্ছ্বসিত সাহিত্য উৎসবে রূপ নেবে।