ক্যাম্পাস

ওয়াশিংটন অ্যাকর্ড পেল ইউআইইউ সিএসই

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই) প্রোগ্রাম মর্যাদাপূর্ণ যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন অ্যাকর্ডের অ্যাক্রিডিটেশন অর্জন করেছে। এই আন্তর্জাতিক স্বীকৃতিটি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর মাধ্যমে ছয় বছরের জন্য প্রদান করা হয়েছে। স্বীকৃতিটি ৩ ডিসেম্বর ২০২৩ থেকে ২ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।

এই স্বীকৃতির ফলে ইউআইইউ’র বিএসসিএসই প্রোগ্রাম বিশ্বমানের শীর্ষ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর সমমানের স্বীকৃতি পাবে। একইসঙ্গে এ বিভাগের গ্রাজুয়েটরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের গ্রাজুয়েটদের সমতুল্য হিসেবে বিবেচিত হবেন। এর মাধ্যমে ইউআইইউ’র বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থান, উচ্চশিক্ষা এবং পেশাগত সুযোগ আরো বিস্তৃত হবে। পাশাপাশি তারা আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ প্রকৌশলী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন।

ওয়াশিংটন অ্যাকর্ডের এই স্বীকৃতি প্রমাণ করে যে, ইউআইইউ’র পাঠ্যক্রম, শিক্ষক ও অবকাঠামো বিশ্বমানের প্রযুক্তিগত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে সক্ষম। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন, যা ইঞ্জিনিয়ারিং শিক্ষায় ইউআইইউ’র অবস্থানকে আরো শক্তিশালী করবে।

এ সাফল্য কেবল প্রাতিষ্ঠানিক উন্নয়নেই সীমাবদ্ধ নয়, বরং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), বিশেষ করে মানসম্মত শিক্ষা সংক্রান্ত ৪ নম্বর লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই স্বীকৃতি ইউআইইউ এবং দেশের জন্য গর্বের বিষয়।-বিজ্ঞপ্তি