ক্যাম্পাস

নোবিপ্রবিতে ‘বই-শাখী মেলা’, চলছে স্টল বুকিং

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিতব্য ৫ দিনব্যাপী বইমেলাকে সামনে রেখে স্টল আহ্বান করেছে আয়োজকরা। সাহিত্যসমমনা সংগঠন ও সহযোগী ক্লাবগুলোর যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে এই বইমেলা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, গত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় আগামী ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবে এ সাহিত্য উৎসব। বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত হওয়ায় মেলায় থাকবে বৈশাখের উৎসবমুখর আবহ, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।

এবারের মেলায় দেশের স্বনামধন্য প্রকাশনীর পাশাপাশি অংশ নেবে স্থানীয় লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত বিভিন্ন স্টল। ফলে বইপ্রেমীদের জন্য এটি হয়ে উঠবে জ্ঞান, সৃজনশীলতা ও সংস্কৃতির এক মিলনমেলা।

মেলায় অংশ নিতে আগ্রহীদের জন্য ইতোমধ্যে স্টল বুকিং শুরু হয়েছে। স্টল বুকিংয়ের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৮ এপ্রিল। আগ্রহীদের নির্ধারিত তথ্যসহ আবেদন পাঠাতে হবে আয়োজক কমিটির ইমেইল ঠিকানায়: shobdokutir.nstu@gmail.com।

আয়োজকদের প্রত্যাশা, শিক্ষার্থী, পাঠক ও প্রকাশনীগুলোর সক্রিয় অংশগ্রহণে এবারের বইমেলাটি নোবিপ্রবি ক্যাম্পাসে একটি প্রাণবন্ত ও সফল আয়োজন হিসেবে আত্মপ্রকাশ করবে।