রাজনৈতিক প্রশ্নে সংবিধানের দোহাই দিয়ে অজুহাত তৈরির সমালোচনা করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “সংবিধানের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা ঠিক নয়।”
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি—সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, “যদি শিক্ষা না নেওয়া হয়, তাহলে বিএনপিকেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের ইতিহাস এত দ্রুত ভুলে যাওয়া ঠিক নয়। আমরা এমন একটি বিএনপিকে দেখতে চাই, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করেছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং দেশের স্বার্থে সংগ্রাম করেছে।”
জুলাই সনদের প্রসঙ্গে ফুয়াদ বলেন, “যারা আজ এই সনদকে গুরুত্ব দিচ্ছেন না, তাদের মনে রাখতে হবে—বাংলাদেশ হঠাৎ করে তৈরি হয়নি। দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের ধারাবাহিকতায় মানুষ আবারও নিজেদের অবস্থান জানাতে পারে।”
তিনি আরো বলেন, “জুলাই সনদ গঠিত হয়েছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং গত দুই দশকের গণতান্ত্রিক সংগ্রামের অভিজ্ঞতার ভিত্তিতে। তাই দলমত নির্বিশেষে সবার উচিত দেশের স্বার্থে, ন্যায়বিচারের পক্ষে এবং জাতীয় স্বার্থ রক্ষার রাজনীতি করা।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “গত কয়েক বছরে যেসব প্রতীক জনপ্রিয় ছিল, সেগুলো থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। অনেক পুরনো রাজনৈতিক শক্তির প্রভাবও কমে এসেছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় যারা পরিবর্তনের বিপক্ষে অবস্থান নেবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।”
সেমিনারে রাকসুর বিতর্ক সম্পাদক ইমরান লস্করের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদসহ আমন্ত্রিত অতিথিরা।