ক্যাম্পাস

ঢাবিতে ৩ দিনব্যাপী ইকোনমিকস সামিট শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইকোনমিকস স্টাডি সেন্টারের উদ্যোগে তিন দিনব্যাপী ৭ম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ঢাবি উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। সাউথ ইস্ট ব্যাংকের সহযোগিতায় এ সামিটের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান, সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র নির্বাহী সহ-সভাপতি আবদুস সবুর খান এবং ইকোনমিকস স্টাডি সেন্টারের সভাপতি অনির্বাণ ঘোষ বক্তব্য দেন। অনুষ্ঠানে ইকোনমিকস স্টাডি সেন্টার থেকে প্রকাশিত দুটি গবেষণা জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফনান ওসমান ও জান্নাতুল ফেরদৌস।

উপাচার্য সামিট আয়োজনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের উদ্যোগে গবেষণা জার্নাল প্রকাশ ও একাডেমিক উপস্থাপনা নিঃসন্দেহে প্রশংসনীয়।” তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে গবেষণাধর্মী ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।” তিন দিনব্যাপী এই সামিটে এলডিসি উত্তরণ, শ্রম, শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়ন, জ্বালানি এবং পরিবেশবান্ধব কর্মসংস্থান নিয়ে তিনটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সিপিডির সিনিয়র ফেলোসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।