ক্যাম্পাস

ঢাবিতে ফাদার তপনকে অবসরজনিত সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ফাদার তপন কামিলুস ডি রোজারিওকে অবসর উপলক্ষে সংবর্ধনা দিয়েছে বিভাগটি।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান মো. আবু সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম সরকার।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা তার দীর্ঘ কর্মজীবনের অবদান তুলে ধরেন এবং স্মৃতিচারণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, ডিন হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম কোনো অনুষ্ঠান এবং এমন আয়োজন দেখে তিনি আনন্দিত। তিনি বলেন, “আমার জীবনে অনেক খ্যাতনামা শিক্ষক দেখেছি, যাদের এভাবে বিদায় জানানো হয়নি।” ফাদার তপনের সঙ্গে তার ব্যক্তিগত বিভিন্ন স্মৃতিও তিনি তুলে ধরেন এবং বিভাগের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

সংবর্ধনা পাওয়ার পর ফাদার তপন কামিলুস ডি রোজারিও বলেন, “২১ বছরের এই পথচলাকে বিদায় জানানো সহজ নয়।” তিনি শুধু একজন শিক্ষক নন, একজন ক্যাথলিক যাজক হিসেবেই নিজের পরিচয় বহন করেন।

তিনি আরো বলেন, “এই বিভাগ তাকে এমন কিছু স্মৃতি দিয়েছে, যা তাকে একজন মানুষ হিসেবে বদলে দিয়েছে। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ মানবতা শেখায়, বিভাজন নয়।” এই বিভাগ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে এবং একজন যাজক হিসেবে তিনি সবার জন্য দোয়া ও প্রার্থনা রেখে যাচ্ছেন।