যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেলের উদ্যোগে ‘জাস্ট ব্লাড ব্যাংক’ এর নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত এই ওয়েবসাইটের মাধ্যমে রক্তদাতা ও রক্তগ্রহীতাদের মধ্যে দ্রুত যোগাযোগ নিশ্চিত করা সম্ভব হবে।
বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের দপ্তরে যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ ওয়েবসাইটটির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, “যবিপ্রবির শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক উদ্যোগ সবসময়ই আমাকে মুগ্ধ করে। জাস্ট ব্লাড ব্যাংকের জন্য এমন একটি আধুনিক ও কার্যকর ওয়েবসাইট চালু হওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে জরুরি মুহূর্তে রক্ত সংগ্রহের প্রক্রিয়া সহজ, দ্রুত ও সুশৃঙ্খল হবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরো বলেন, “প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে মানবসেবার এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে এ প্ল্যাটফর্ম আরো সমৃদ্ধ হয়ে বৃহত্তর পরিসরে মানুষের কল্যাণে কাজ করবে বলে আমি আশা করছি।”
ওয়েবসাইটটির মাধ্যমে ডোনাররা সহজেই নিবন্ধন করতে পারবেন এবং রোগীর স্বজনরা প্রয়োজনীয় রক্তের গ্রুপ দিয়ে অনুসন্ধান করে উপযুক্ত ডোনারদের তালিকা খুঁজে পাবেন। এছাড়া এতে বর্তমান এক্সিকিউটিভ কমিটির সদস্যদের তথ্য সংযুক্ত থাকবে এবং নিয়মিত রক্তদানকারী ডোনারদের তথ্য সংরক্ষণ করা হবে।