ক্যাম্পাস

জ্বালানি সংকটে জাবিতে প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং ঘোষণা

জাতীয় পর্যায়ের জ্বালানি সংকটের প্রভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় প্রতিদিন এক ঘণ্টা করে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্রে প্রয়োজনীয় বিদ্যুতের তুলনায় বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। বর্তমানে দৈনন্দিন চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতেই নির্ধারিত সময় ধরে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চাহিদা ও সরবরাহের এই ব্যবধানের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হচ্ছে না।

সাভারের শিমুলতলায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জোনাল কার্যালয় জানিয়েছে, জাতীয় জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা যাচ্ছে না। এর প্রভাব বিশ্ববিদ্যালয় এলাকাতেও পড়ছে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।