ক্যাম্পাস

যবিপ্রবিতে নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হামিদুর রহমান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমান।

সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ড. হামিদুর রহমানকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

নবনিযুক্ত প্রক্টর ড. হামিদুর রহমান বলেন, “প্রক্টর হিসেবে আমার মূল লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা। প্রশাসনের দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় অর্পিত এই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।

এছাড়া, যেকোনো সমস্যার সমাধানে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও মানোন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”