ক্যাম্পাস

রুয়েটে সিরামিক শিক্ষায় ১৬ বছরের পথচলা

যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সিরামিক শিল্পের ব্যবহার ও গুরুত্ব দ্রুত বাড়ছে। গৃহস্থালি সামগ্রী থেকে শুরু করে নির্মাণ, ইলেকট্রনিক্স, চিকিৎসা ও মহাকাশ প্রযুক্তি, সবখানেই এই খাতের বিস্তার লক্ষণীয়। এ চাহিদা পূরণে দক্ষ জনবল গড়ে তুলতে ২০১০ সালের ২৩ এপ্রিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রতিষ্ঠিত হয় সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (তৎকালীন গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং) বিভাগ।

প্রতিষ্ঠার ১৬ বছরে বিভাগটি শত শত দক্ষ প্রকৌশলী তৈরি করেছে, যারা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভাগটির সুনামও ক্রমেই বিস্তৃত হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা ও উদ্ভাবনে সক্রিয় থেকে নতুন প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখছেন। এখানকার শিক্ষার্থীরা সফলভাবে পড়াশোনা শেষ করে শিল্পখাত ও অর্থনীতিতে অবদান রেখে চলেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিভাগটির উদ্যোগে পালিত হয়েছে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভাগের সামনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগের প্রধান অধ্যাপক মো. বদিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপক মিন্টু আলি, সহকারী অধ্যাপক মো. জাহিদুল হকসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে একটি র‍্যালি আয়োজন করা হয়, যা বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে বিভাগের প্রধান অধ্যাপক মো. বদিউল ইসলাম বলেন, “একসময় সিরামিক ও মেটালার্জি শিল্পে দক্ষ প্রকৌশলীর অভাবে দেশের শিল্পকারখানাগুলো প্রত্যাশিত উন্নতি করতে পারছিল না। বিভাগ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দক্ষ প্রকৌশলী তৈরি হচ্ছে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরো বলেন, “১৬ বছরের এই পথচলায় শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাইসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ।” তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

বর্তমানে বিভাগটিতে ৩ জন অধ্যাপকসহ মোট ১৯ জন শিক্ষক, আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন ১০টি ল্যাবরেটরি এবং শীতাতপনিয়ন্ত্রিত প্রযুক্তিনির্ভর ক্লাসরুম রয়েছে। সব মিলিয়ে বিভাগটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরো সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।