ক্যাম্পাস

শাহবাগ থানায় শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা, প্রতিবাদে শিবিরের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থী, ডাকসু ও হল সংসদের প্রতিনিধি এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তুলে ছাত্রদলের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

শুক্রবার (২৪ এপ্রিল) শাখা সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৩ এপ্রিল বিকেলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ডাকসু প্যানেলের সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি ব্যবহার করে একটি সম্পাদিত আপত্তিকর ছবি ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করা হয়। একই সঙ্গে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। পরবর্তীতে তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়।

এ সময় তাকে সহায়তা করতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক, হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের ভিপি সাদিক শিকদার, অমর একুশে হল সংসদের এজিএস উবায়দুর রহমান হাসিবসহ বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মানজুর হোছাইন মাহি ও সাধারণ সম্পাদক লিটন আহমেদসহ ক্যাম্পাসের সাংবাদিকরাও সেখানে যান।

বিবৃতিতে আরো অভিযোগ করা হয়, শাহবাগ থানার ভেতরেই ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও বহিরাগত নেতাকর্মীরা একত্রিত হয়ে ডাকসু ও হল সংসদের প্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

নেতারা এ ঘটনাকে ‘নৃশংস হামলা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তাদের দাবি, ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে ছাত্রদল সহিংস পথ বেছে নিয়েছে।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বহিষ্কার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে।