ক্যাম্পাস

ডাকসুর নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি সোহরাওয়ার্দী হল, আলাওল হল ও নিরাপত্তা দপ্তর ঘুরে পুনরায় স্মরণ চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘একটা একটা সন্ত্রাস ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ডাকসুতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, পুড়িয়ে দাও’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “জুলাই অভ্যুত্থানে ছাত্রদল আমাদের সঙ্গে ছিল। কিন্তু আমরা দেখেছি, অভ্যুত্থানের পর তারা কিভাবে আমাদের ভাইদের ওপর চাপাতি দিয়ে হামলা চালিয়েছে। ছাত্রদলকে সতর্ক করতে চাই, আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না। জালিমের পরিণতি কী হতে পারে, তা ছাত্রলীগ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করুন।”

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম, ভয় ও সন্ত্রাসের রাজনীতি বিলুপ্ত হয়ে ছাত্ররাজনীতিতে নতুন পরিবেশ তৈরি হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটি বৃহৎ চক্র আবার সেই ভয় ও সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। প্রতিপক্ষের মেধাভিত্তিক রাজনীতিকে দমিয়ে দিতে তারা ক্যাম্পাসে ভীতি ছড়ানোর চেষ্টা করছে।”